শেরপুরের নকলায় অবৈধভাবে ড্রেজার মেশিনের মাধ্যমে নদী থেকে বালু উত্তোলনের অভিযোগে মো. নূরল হক নামের এক ব্যক্তিকে ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সে উপজেলার গনপদ্দি ইউনিয়নের বড়ইতার গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র।
রবিবার (৩০ নভেম্বর) বিকেলে উপজেলার বরইতার গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আরিন এ্যানি। এসময় পুলিশ বিভাগের সদস্যরাসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়াই ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলনের খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নূরল হককে আটক করে।
অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিনটি বন্ধ করে দেওয়া হয় এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০–এর ৪ ধারা লঙ্ঘন করায় আইনটির ১৫(১) ধারার বিধান অনুযায়ী ৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি জানান, সরকারি অনুমোদন ছাড়া নদী থেকে বালু উত্তোলন পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। জনস্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


