শেরপুরের নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে ‘তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপনের অংশ হিসেবে বর্ণিল পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর)সকাল সারে ১১টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এই পিঠা উৎসবের শুভ উদ্বোধন করেন সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি।
এসময় উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা জামায়াতের আমীর মো. গোলাম সারোয়ার, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. নাসরিন জাহানসহ বিভিন্ন উদ্যেক্তা ও স্থানীয় গলমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে অতিথিরা পিঠা উৎসবের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্থানীয় নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে জমে ওঠে পিঠার স্টল, যেখানে প্রদর্শিত হয় নানান ঐতিহ্যবাহী ও ব্যতিক্রমধর্মী পিঠা।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ উৎসব তরুণ সমাজকে সাংস্কৃতিক ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে এবং স্থানীয় নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। উৎসব প্রাঙ্গণে দর্শনার্থীদের পদচারণায় ছিল উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, ‘তারুণ্যের উৎসব ২০২৫’-এর অংশ হিসেবে ভবিষ্যতে আরও নানামুখী সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে।


